ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

যুক্তরাজ্যে তীব্র শীত ও তুষারপাত, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ১৫৫ জন

যুক্তরাজ্যের বিভিন্ন অংশে তীব্র শীত ও ব্যাপক তুষারপাতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সড়ক, রেল ও বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

দেশজুড়ে তুষারপাত ও বরফ জমার আশঙ্কায় আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। চলতি সপ্তাহের শেষের দিকে আরও তুষারপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার ইংল্যান্ড ও ওয়েলসে চলতি শীত মৌসুমের সবচেয়ে শীতল রাত রেকর্ড করা হয়। ইংল্যান্ডের কামব্রিয়া অঞ্চলের শ্যাপ এলাকায় তাপমাত্রা নেমে আসে মাইনাস ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে সর্বনিম্ন।

প্রচণ্ড শীতের কারণে স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ার, শেটল্যান্ড ও অর্কনি দ্বীপপুঞ্জের বহু শিক্ষার্থী বড়দিনের ছুটির পরও স্কুলে ফিরতে পারেনি। অনেক এলাকায় মঙ্গলবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ওয়েলসের গুইনেড, অ্যাঙ্গলসি, কারমার্থেনশায়ারসহ একাধিক অঞ্চলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডে ১৭০টির বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবহন খাতেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। লিভারপুল জন লেনন বিমানবন্দরে রানওয়ে বরফে ঢেকে যাওয়ায় সাময়িকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীরা বিমানে ওঠার পরও ফ্লাইট বাতিল হওয়ায় হতাশ হয়ে পড়েন। পরে রানওয়ে চালু করা হলেও ফ্লাইট বিলম্ব ও বাতিলের আশঙ্কা রয়ে গেছে। বেলফাস্ট ও ডেরি বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

রেল যোগাযোগেও মারাত্মক প্রভাব পড়েছে। তীব্র আবহাওয়ার কারণে লন্ডন থেকে নেদারল্যান্ডসগামী ইউরোস্টার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের ফলে ট্রেন চলাচল সীমিত হয়ে পড়েছে এবং কিছু রুটে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অ্যাবারডিন ও আশপাশের এলাকায় সব ধরনের বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে পরিবহন সংস্থাগুলো। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে জরুরি পরিষেবা চালু রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চরম ঠান্ডার কারণে ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে লক্ষাধিক মানুষ সরকারের ‘কোল্ড ওয়েদার পেমেন্ট’ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। নির্দিষ্ট সময় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেলে স্বয়ংক্রিয়ভাবে এই অর্থ সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে জমা হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর্কটিক অঞ্চল থেকে আসা শীতল বাতাস আরও কয়েকদিন যুক্তরাজ্যের ওপর প্রভাব ফেলবে। বিশেষ করে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও উপকূলীয় এলাকায় নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।