ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে দেশের ২৪ জেলা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ । ২৪২ জন

হাড় হিম করা শীতে কাঁপছে পুরো দেশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বইছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের এমন দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এছাড়া গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাতেও শৈত্যপ্রবাহ বইছে। গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল; এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬.৭°সেলসিয়াসে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭°সেলসিয়াসে রেকর্ড হয়েছে। তিনি বলেন, শৈত্যপ্রবাহের তীব্রতা ভিন্ন জেলায় ভিন্ন মাত্রায় দেখা যায়। তাপমাত্রা ৮.১–১০°সেলসিয়াস হলে মৃদু, ৬.১–৮°সেলসিয়াস হলে মাঝারি, ৪.১–৬°সেলসিয়াস হলে তীব্র এবং ৪°সেলসিয়াসের নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এর বিস্তৃতি কিছু এলাকায় কমবেশি হতে পারে।