
ক্রমান্বয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হচ্ছে; ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ আজও অব্যাহত আছে। বুধবার (৭ জানুয়ারি) দেশের ৪টি বিভাগ ও ১২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত চলতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বিরাজমান শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে।