
কুষ্টিয়ার সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার দিনব্যাপী অভিযানে দুই উপজেলায় মোট আটটি অবৈধ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এসব ইটভাটার কার্যক্রম আংশিকভাবে বন্ধ করতে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল-এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতর আরও জানায়, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।