ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন কষ্টে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ । ১৯৮ জন

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শনিবার (৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামে শুক্রবার সন্ধ্যা থেকে ঘন কুয়াশা শুরু হয় এবং শনিবার বেলা ১১টা পর্যন্ত বজায় থাকে। সূর্যের আলোও তাপহীন হওয়ায় কাজের সুযোগ কমে গেছে, ফলে নিম্নআয়ের মানুষ আয়-রোজগার হারাচ্ছেন। মৃদু শৈত্যপ্রবাহের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জানুয়ারি মাসজুড়ে শীতের প্রকোপ থাকবে, তবে তাপমাত্রা ওঠানামা করবে। শৈত্যপ্রবাহকে সাধারণত তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়-ভারী, মাঝারি ও মৃদু। বর্তমানে কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী কয়েকদিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

রিকশাচালক মজিবর রহমান বলেন, সকালবেলা যাত্রী না থাকায় আয় কমে যাচ্ছে, তবুও কাজের জন্য হাড়কাঁপানো শীত উপেক্ষা করতে হচ্ছে। কৃষক বাদশা মিয়া জানান, শীতে ধানের বীজতলা রোগাক্রান্ত হচ্ছে, পলিথিন ঢেকে রাখলেও সমস্যা কমছে না।