
হিমালয় সংলগ্ন জেলা হওয়ায় হিমশীতল কনকনে বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
গত কয়েক দিন ধরে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে হিমালয়ের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। রাত ও সকালবেলায় তীব্র ঠান্ডায় গ্রামগঞ্জের মানুষ গরম কাপড় পরে ঘর থেকে বের হচ্ছেন। তবে নিম্নআয়ের মানুষদের জন্য এই শীত বাড়তি কষ্ট ডেকে এনেছে। দিনের বেলা রোদের দেখা মিললেও ঠান্ডার তীব্রতা তেমন কমছে না।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড়ও বেড়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
চা ও পাথর শ্রমিকরা জানান, তীব্র শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে কাজও কমে গেছে। আগে সপ্তাহে অন্তত পাঁচ দিন কাজ পাওয়া গেলেও এখন বেশিরভাগ দিন কাজ মিলছে না।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। ফলে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।