ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

পঞ্চগড়ে কনকনে ঠান্ডা, তাপমাত্রা আরও কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ । ৩৪৬ জন

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে তীব্র শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। কাঞ্চনজঙ্ঘা–হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাস ও হালকা কুয়াশায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে জেলাজুড়ে। গতকাল যেখানে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ তা কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল রোববার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে। বিশেষ করে পঞ্চগড়ে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। ফলে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতা বাড়ায় খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ এলাকায় মানুষ গরম কাপড় পরিধান ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হারও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও ১২ ডিগ্রি ঘরে নেমে এসেছে। এতে কনকনে শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।”

তিনি আরও জানান, সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।