
হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত কয়েক দিন ধরে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছিল। তবে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছানোয় শীতের তীব্রতা সাময়িকভাবে কমেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সকালে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে এ অঞ্চলে সন্ধ্যা ও রাতের বেলায় শীতের অনুভূতি বেশি থাকছে। তবে ভোরের পর সূর্যের দেখা মিললে শীতের তীব্রতা কমে যায়। সকালের মিষ্টি রোদে আগের মতো কনকনে শীত অনুভূত হচ্ছে না।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকে। এরপর বিকেলের দিকে হিমেল হাওয়া বইতে শুরু করে, যার প্রভাবে সন্ধ্যা থেকে আবারও ঠান্ডা বাড়ে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় তেঁতুলিয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শীত আগে নামে এবং তাপমাত্রাও তুলনামূলক কম থাকে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।