
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা সপ্তম দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সপ্তাহজুড়ে এই অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় প্রথম শ্রেণির আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। এর আগের দিনগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রায় তেঁতুলিয়া দেশের শীর্ষে ছিল—শনিবার ১৩.২ ডিগ্রি, রোববার ১৩.১ ডিগ্রি, সোমবার (২৮ নভেম্বর) ১৩.২ ডিগ্রি, মঙ্গলবার ১৩.০ ডিগ্রি এবং বুধবার ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
যদিও গত কয়েক দিন ধরে সকালে ঝলমলে রোদের দেখা মিলছে, তবু রাতে ও ভোরে হিমালয়ঘেঁষা উত্তরের হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানে বড় পার্থক্য তৈরি হওয়ায় ঠাণ্ডা আবহাওয়া সারাদিনই বিরাজ করছে। বিশেষ করে বিকেলের পর শীতের তীব্রতা আরও বাড়ছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে শীতজনিত রোগীর চাপও বৃদ্ধি পাচ্ছে। তেঁতুলিয়া ও আশপাশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই শিশুসহ বয়স্ক রোগীদের সংখ্যা বাড়ছে। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের অনেককেই ভর্তি করতে হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, টানা সাত দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সোমবার সকাল ৯টায় রেকর্ড হওয়া ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। তিনি আরও বলেন, হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় সাধারণত তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।