ঢাকায় শব্দ, বায়ু ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ৩২টি মামলা করা হয়েছে এবং আদায় করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা। দূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ, দুই সিটি কর্পোরেশন, রাজউক, ডিএমপি, র্যাবসহ বিভিন্ন সংস্থার অংশগ্রহণে পরিচালিত এই সমন্বিত মোবাইল কোর্ট অভিযানকে রাজধানীর পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে আইইবি ও উত্তরা এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী পরিচালিত এ অভিযানে ৫টি মামলা করা হয় এবং ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং একাধিক চালককে সতর্ক করা হয়।
যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধে আইইবি এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১৫টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ধোঁয়া নির্গতকারী কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয় এবং পরিবেশবান্ধব চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রীজনিত দূষণের অভিযোগে বসিলা–মোহাম্মদপুর এবং উত্তরা দিয়াবাড়ি এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আশপাশের প্রতিষ্ঠানগুলোকে বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে উত্তরা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৫টি মামলা করা হয় এবং ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সচেতন করা হয় এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের দূষণবিরোধী অভিযান ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে পরিচালিত হবে।


