
রাজধানী ঢাকায় শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৬ ঘণ্টা ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।