ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

ভূমিকম্প

হঠাৎ ধসের শব্দ-রাস্তায় হাঁটতে গিয়ে মৃত্যু তিনজনের

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ । ১৩৯ জন

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কোশাইতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হতেই পুরোনো ভবনটির রেলিং দুলতে থাকে। স্থানীয়দের তথ্যমতে, কয়েক সেকেন্ডের মধ্যেই রেলিংটি ভেঙে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে হাঁটছিলেন তিন পথচারী। রেলিং চাপা পড়েই তারা ঘটনাস্থলেই মারা যান। ধসের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।”

ঘটনার পর ভবনটির অন্যান্য অংশ ঝুঁকিপূর্ণ কিনা তা পরীক্ষা শুরু করেছে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানান, পুরান ঢাকায় অনেক ভবনই বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্পের মতো পরিস্থিতিতে এসব ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভবন নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ স্থাপনা সংস্কার নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।