বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়ায় দেশের আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারাদেশেই শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদফতর জানায়, মৌসুম পরিবর্তনের এই সময়ে দেশের বিভিন্ন স্থানে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার প্রবণতা বাড়ছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, শ্রীলংকা উপকূলের কাছে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন গুরুত্বহীন। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সক্রিয়। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস
আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী দিনের পূর্বাভাস
মঙ্গলবার (১৮ নভেম্বর): আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরে কুয়াশার প্রবণতা থাকবে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৯ নভেম্বর): ভোরে কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর): আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২১ নভেম্বর): সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া
বর্ধিত পাঁচ দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
দেশের শীতপ্রবণ এলাকায় ইতোমধ্যে শীতের প্রভাব কিছুটা বাড়তে শুরু করেছে। মৌসুম পরিবর্তনের এই সময়ে ভোরের কুয়াশা আরও ঘন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


