ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ । ৯০ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি ও হাসাড়া এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পরপর এ দুর্ঘটনা দুটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। হাসাড়া এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হন। এরপর রাত পৌনে ৮টার দিকে দোগাছি এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আরেক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর অভিযুক্ত অ্যাম্বুলেন্সটি আটক করেছে হাইওয়ে পুলিশ। গাড়িটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হলে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পৃথক এই দুই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।