
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৭ নভেম্বর) সকাল দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।