
দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) ছুটির দিনেও রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। সকাল সাড়ে ৭টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১১তম। একই সময়ে ৭২৭ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (২৭৫), তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা (২৪০), চতুর্থ অবস্থানে পাকিস্তানের করাচি (২১৩) এবং পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার স্কোর ২০৮।
বায়ুমান সূচক অনুযায়ী (AQI), শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা বর্তমানে ঢাকায় বিরাজ করছে।
এছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার এবং বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।