
বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৫ নভেম্বর) বিকেলে মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে কোস্টগার্ড সদস্যরা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা।
তবে জালের প্রকৃত মালিককে পাওয়া যায়নি বলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে নষ্ট করা হয়। পরে বোটের ক্রুদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।