
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই দূষণের অভিঘাতে বিপর্যস্ত। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে রাজধানীর বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী, ৯৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম স্থানে রয়েছে ঢাকা। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ুমান এখন ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে, যা তুলনামূলকভাবে শ্বাস-প্রশ্বাসের জন্য কিছুটা সহনীয়।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান সূচক (AQI) ৩৭০। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৩৭), তৃতীয় স্থানে কলকাতা (২২২), চতুর্থ স্থানে উগান্ডার রাজধানী কামপালা (১৬১) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি (১৩৫)।
বায়ুমানের সূচক (AQI) অনুযায়ী: ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০০-এর বেশি হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ৩০০-এর বেশি হলে তা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।