
আফগানিস্তানের উত্তরাঞ্চলে রোববার মধ্যরাতে আঘাত হানা ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় ৩২০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র একটি ভিডিও বার্তায় বলেন, বালখ এবং সামাঙ্গান প্রদেশে প্রায় ৩২০ জন আহত এবং ২০ জনেরও বেশি নিহত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রোববার মধ্যরাত একটার দিকে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি। ইউএসজিএস সতর্ক করেছে, এই ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও ব্যাপক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
মাজার-ই-শরিফে পাঁচ লাখেরও বেশি মানুষ বসবাস করে। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ ভবন ধ্বংসের আশঙ্কায় রাস্তায় নেমে আসে। বালখ প্রদেশের তালিবান মুখপাত্রের ভিডিওতে দেখা গেছে, শহরের ঐতিহাসিক ব্লু মসজিদ প্রাঙ্গণে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
এর আগে আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। দেশটি ভূমিকম্প-প্রবণ এলাকা, কারণ ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
জাতিসংঘের মানবিক কার্যক্রম সম্পর্কিত সমন্বয় অফিসের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে গত এক দশকে সাত হাজারের বেশি মানুষ ভূমিকম্পে প্রাণ হারিয়েছে। ২০০২ ও ১৯৯৮ সালের ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয় এবং শত শত গ্রামের বাড়িঘর ধ্বংস হয়।