
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে রয়েল টোব্যাকো কোম্পানির মালিক মো. মহারাজ হোসেনকে এক মাসের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় র্যাব-১১, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, নরসিংদীর যৌথ অভিযানে এই দণ্ড কার্যকর করা হয়।
র্যাব জানায়, রয়েল টোব্যাকো অবৈধভাবে সিগারেট বিক্রির ক্ষেত্রে পুরোনো ট্যাক্স লেভেল ব্যবহার করে আসছিল। পূর্বে ব্যবহৃত সিগারেট প্যাকেট থেকে লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ কয়েকদিন ধরে কারখানার ওপর নজরদারি চালায়। পরে প্রমাণ পাওয়া যায় যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে পুরোনো ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে ট্যাক্স ফাঁকি দিচ্ছিল। জেলা প্রশাসন ও ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা ঘটনাস্থলেই মালিক মো. মহারাজ হোসেনকে জরিমানা এবং কারাদণ্ড দেন।
র্যাব–১১ এর সিপিসি–১ কোম্পানির অধিনায়ক আল মাসুদ খান জানান, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ সিগারেট ও ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়। তিনি আরও জানান, এমন অনিয়মে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নজরদারি জোরদার করা হয়েছে।