
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও তীব্র বায়ুদূষণের কবলে রয়েছে। এই দূষণ কমার কোনো লক্ষণ নেই। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ ঢাকা রয়েছে ষষ্ঠ স্থানে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর গুণমান সূচক বা একিউআই স্কোর ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য অনুযায়ী এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তালিকায় আজ সর্বোচ্চ দূষণের শহর পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩০৮। দ্বিতীয়স্থানে ভারতের দিল্লি (স্কোর ২৮৭), তৃতীয়স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৭৬), চতুর্থস্থানে পাকিস্তানের করাচি (স্কোর ১৬২) এবং পঞ্চমস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১৫৯)।
একিউআই মান অনুযায়ী, স্কোর ৫০ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এ সময় শ্বাসকষ্টজনিত রোগী, শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের দীর্ঘসময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়।
একিউআই ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়; ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়, যা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণ বিশেষজ্ঞরা মনে করেন, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং আবর্জনা পোড়ানো নিয়ন্ত্রণে না এলে রাজধানীর বায়ুর মান আরও অবনতির শঙ্কা রয়েছে।