
শরতের আকাশে মেঘের খেলা থাকলেও ঢাকায় মিলছে না শীতলতার ছোঁয়া। আজও সকাল থেকে নগরজুড়ে রোদে ঝলমল করছে আকাশ। সূর্যের চড়াও কিরণে গরম যেন আরও বেশি অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতার ভার, ঘামে ভেজা গা আর পথের ক্লান্তি জানান দিচ্ছে- শীতের আগমন এখনো অনেক দূরে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ কখনো আংশিক মেঘলা আবার কখনো পরিষ্কার থাকলেও সারাদিনই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে, তবে আর্দ্রতার কারণে গরম কমার কোনো লক্ষণ নেই।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস ঢাকার মতোই শুষ্ক। শুধু চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে কয়েকদিন এভাবেই উষ্ণ ও ভ্যাপসা গরমের মধ্যে কাটতে পারে নগরবাসীর দিন।