
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২১ অক্টোবরের দিকে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এই লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। এরই মধ্যে আগামী পাঁচ দিনের জন্য অধিদফতর একটি বিস্তারিত পূর্বাভাস দিয়েছে।
দৈনিক পূর্বাভাস:
(১৯ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
(২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
(২১ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
(২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
(২৩ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, অক্টোবর মাসের শেষভাগে বঙ্গোপসাগরে লঘুচাপ ও নিম্নচাপ তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা। এই সময়েই সাধারণত মৌসুমি বায়ুর প্রভাব কমতে থাকে এবং সাগরের উষ্ণতার কারণে ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়ে যায়।
এ অবস্থায় দক্ষিণাঞ্চলের জেলা-বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দাদের বৃষ্টির প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।