
দুটি মৌসুমি ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। প্রিসিলা ও রেমন্ড নামের এই দুটি ঝড় ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন, আর নিখোঁজ রয়েছেন ২৭ জন।
রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্য, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে মারা গেছেন ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে- যা ২১ ইঞ্চিরও বেশি। টানা বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। শক্তিশালী বাতাসে উপড়ে পড়েছে বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি। অনেক জায়গায় এগুলো ঘরবাড়ির ওপর পড়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।
৯ অক্টোবর থেকে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী, পাঁচ দিনে অন্তত ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তবে টানা বৃষ্টির কারণে অনেক দুর্গম এলাকায় পৌঁছানো এখনো সম্ভব হচ্ছে না।
উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।