
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে শেকড়সহ উপড়ে পড়া গাছ ও হাজার হাজার গাছের গুঁড়ি। সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়ন দিয়ে নদী স্রোতের সঙ্গে এসব গাছ বাংলাদেশে প্রবেশ করেছে।
স্থানীয়রা ধারণা করছেন, ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে বন থেকে গাছগুলো নদীতে ভেসে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকার নদীর তীর থেকে স্থানীয়রা এসব গাছ তুলে নিচ্ছেন।
চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার কয়েকজন স্থানীয় জানিয়েছেন, রোববার বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত নদী দিয়ে গাছপালা ভেসে আসতে দেখা গেছে। শত শত মানুষ নদীতে নেমে গাছ ধরার চেষ্টা করেছেন। তবে অনেকগুলো গাছ ভাটির দিকে ভেসে চলে গেছে। যে গাছগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলো খড়ি হিসেবে ব্যবহারযোগ্য বলে স্থানীয়রা জানিয়েছেন।
শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “দুধকুমার নদীতে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা নিয়ে নদীতে নামছে গাছ ধরে আনতে। এত গাছ কোথা থেকে আসছে, তা বোঝা যাচ্ছে না। তবে স্থানীয়রা জানিয়েছেন, এগুলো ভারত থেকে ভেসে এসেছে।”