
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন ‘মাতমো’। রোববার (৫ অক্টোবর) বিকেলে শক্তিশালী এ টাইফুন উপকূলে আছড়ে পড়ে, ফলে ব্যাপক বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর রয়টার্স।
আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে গুয়াংডংয়ের উপকূলে আঘাত হানে ‘মাতমো’। উপকূলে পৌঁছানোর সময় এর সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার। টাইফুনের প্রভাবে বহু এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।
এর আগে গত সপ্তাহে টাইফুন মাতমোর প্রভাবে ফিলিপাইনে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এরপর শক্তি সঞ্চয় করে এটি দক্ষিণ চীনের দিকে অগ্রসর হয়।
এমন এক সময় টাইফুনটি আঘাত হানল, যখন চীনে চলছে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম। গত বুধবার দেশটিতে শুরু হয়েছে টানা আট দিনের সরকারি ছুটি, যার শুরু জাতীয় দিবস দিয়ে। এ সময় কোটি কোটি মানুষ ভ্রমণের পরিকল্পনা করলেও ঝড়ের কারণে তাদের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটে।
টাইফুনের সতর্কতায় শনিবার সন্ধ্যা থেকে ছুটির জনপ্রিয় গন্তব্য হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কয়েকটি এলাকায় ট্রেন ও বাস চলাচলও সাময়িক স্থগিত করা হয়। নিরাপত্তার জন্য বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।
শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে পূর্ণাঙ্গ টাইফুনে রূপ নেয় এবং ধীরে ধীরে গুয়াংডংয়ের দিকে অগ্রসর হতে থাকে। তবে উপকূলে আঘাত হানার পর বর্তমানে এর শক্তি কিছুটা কমে সাধারণ ট্রপিক্যাল ঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ।
চীনা কর্তৃপক্ষ জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং বিপদাপন্ন এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি জোরদার করেছে।