
দেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পরবর্তী পাঁচ দিনেও আবহাওয়ার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশে লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে।
তিনি বলেন, “মৌসুমি বায়ুর প্রভাবে আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।”
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আগামী সোমবার (৬ অক্টোবর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।