
রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে-মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময় নৌচলাচল ও নদীপথে যাতায়াতকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।