
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যেই বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় এমন আবহাওয়ার ইঙ্গিত মিলেছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ, ফলে আবহাওয়া ছিল বেশ স্যাঁতসেঁতে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুধু ঢাকা নয়, আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।