
দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বেড়েছে। দেশের আটটি বিভাগেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত ও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধারা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলগুলোর পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
বুধবারের পূর্বাভাস: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবারের পূর্বাভাস: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
শুক্রবারের পূর্বাভাস: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবারের পূর্বাভাস: রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সিনপটিক অবস্থা: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, ওই লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।