
বাগেরহাটে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইয়থ ফর সুন্দরবন ফোরামের সদস্য কেয়া আক্তারের সভাপতিত্বে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আইটিসি কর্মকর্তা ত্রিদিপ সরকার ও মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন সামাদ।
কর্মশালায় বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ একটি বড় হুমকি। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে দূষণ কমিয়ে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থা উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সবাই একমত হন যে সুন্দরবনকে টিকিয়ে রাখতে হলে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।