
সকাল থেকে টানা বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর এলাকার কালসী রোডে এক হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ জলাবদ্ধতার কারণে রাস্তায় তীব্র যানজট দেখা দেয়, ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
স্থানীয়রা জানান, রাস্তার ওই অংশ নিচু হওয়ায় দ্রুত পানি নামতে পারেনি। ফলে বাস-ট্রাকসহ যানবাহন বাধ্য হয়ে শুধু এক পাশ দিয়ে চলাচল করছে, এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, রাস্তায় অর্ধেক অংশে পানি জমে আছে, ফলে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
পথচারী আব্দুল জলিল বলেন, “রাস্তার পানি নামতে না পারায় জলাবদ্ধতা হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অবস্থা আরও খারাপ হবে।”
এদিকে স্থানীয় দোকানদার রায়হান আলী বলেন, “জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। মানুষ দোকানে আসতে পারে না, আর সাধারণ মানুষও প্রচুর ভোগান্তিতে পড়েন।”