
বাংলাদেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক বিভাগে বৃষ্টি হতে পারে, পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।