
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু দেশের নয়, বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাওরকে রক্ষা করার পাশাপাশি এটিকে দায়িত্বশীল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
গতকাল (৫ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলার মৎস্যসম্পদ রক্ষায় করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য উপদেষ্টা জানান, অবৈধ জালের আমদানি, রপ্তানি ও ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে হাওর ও নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে, ফলে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি বাড়বে। এ ছাড়া মাছ রক্ষায় অভয়াশ্রম স্থাপন, পলি অপসারণ এবং প্রজনন মৌসুমে নিষিদ্ধকাল ঘোষণা করা হলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এককভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই সমস্যার সমাধান করতে পারবে না। ভূমি, কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমেই টাঙ্গুয়ার হাওরের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, বিভাগীয় মৎস্য অফিসের পরিচালক মো. আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমসহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।