ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  • অন্যান্য

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ । ৩১৩ জন

ঢাকার আকাশ আজ শনিবার (৩০ আগস্ট) আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার।

এদিকে, আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।