ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  • অন্যান্য

ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগে পঞ্চগড়ে রাইস মিলকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ । ২২৬ জন

পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে তানিম অটো রাইস মিলের বিরুদ্ধে। মিল থেকে নির্গত তরল বর্জ্যের কারণে এলাকার নলকূপের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ ঘটনায় পরিবেশ অধিদফতর মিল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

গত ২৫ আগস্ট মিলটির স্বত্বাধিকারী মো. জিন্নাহ বরাবর এ নোটিশ পাঠায় পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়। বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

নোটিশে উল্লেখ করা হয়েছে, রাইস মিল থেকে নির্গত তরল বর্জ্য সরাসরি ভূগর্ভস্থ পানিতে মিশে গিয়ে নলকূপের পানি দূষিত করছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। মিল মালিককে ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে, নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মিল সংলগ্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ৮০–৯০ ফিট গভীর নলকূপ থেকেও দূষিত পানি উঠছে। অনেকে বাধ্য হয়ে আরও গভীর নলকূপ বসাচ্ছেন। তবে বর্জ্য নির্গমন বন্ধ না হলে সংকট আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

আইনজীবী মাহমুদ আল মামুন হিমু, যিনি ওই এলাকার বাসিন্দা, বলেন— “আমাদের নলকূপের পানি এখন খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। পানি থেকে দুর্গন্ধ বের হয়। গোসল, রান্না কোনো কাজেই ব্যবহার করা যায় না। এভাবে চলতে থাকলে মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।”

অভিযোগের বিষয়ে মিলের স্বত্বাধিকারী মো. জিন্নাহ বলেন, “এটা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। আমি চিঠি পেয়েছি, জবাব দেব।”

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, “মিল থেকে বর্জ্যে পানি দূষণের অভিযোগ পাওয়া গেছে। এজন্য নোটিশ দেওয়া হয়েছে। যদি সন্তোষজনক জবাব না পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”