
ভিয়েতনামের উপকূলে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’ ইতোমধ্যেই আঘাত হানতে শুরু করেছে। সোমবার বিকাল থেকে ঝড়টির প্রভাব দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে। ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইছে, যা উপকূলীয় এলাকার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। খবর বিবিসি।
দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ের বাতাসের গতি এখনো বিপজ্জনক মাত্রায় রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ‘কাজিকি’ গত বছরের ভয়াবহ টাইফুন ‘ইয়াগি’র মতোই শক্তিশালী হয়ে উঠতে পারে। উল্লেখ্য, ‘ইয়াগি’ ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়, যাতে প্রায় ৩০০ জনের প্রাণহানি হয়েছিল।
ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে হা তিঙ্ঘ উপকূলীয় প্রদেশ থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশেও ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য সেনা ও স্থানীয় প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় নৌযান চলাচল স্থগিত করা হয়েছে এবং জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়টি আগামী কয়েক ঘণ্টা ভেতরকার এলাকায় আরও প্রবল আকারে ধেয়ে যেতে পারে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।