
সিঙ্গাইর উপজেলার উত্তর রামকান্তপুর জামে মসজিদ সংলগ্ন রাস্তায় কয়েক শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস এবং বাচ্চা পাখি হত্যার অভিযোগে প্রকৌশলী রবিউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিউল ইসলাম জানান, গত ২০ আগস্ট ২০২৫ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, এর সঙ্গে জড়িত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আনিস খান, সেক্রেটারি আসলাম হোসেন, ক্যাশিয়ার সবুজ খান তাজ, এবং আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি।
অভিযোগকারী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রতিবেদনও করেছেন এবং এই ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়টি নিয়ে অনুলিপি পাঠানো হয়েছে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সিঙ্গাইর থানা, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।