
পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১.৩৩ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (২২ আগস্ট) ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই সহায়তার মাধ্যমে জরুরি খাদ্যসামগ্রী, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, মোবাইল চিকিৎসা শিবির, নিরাপদ পানির উৎস পুনর্বাসন, সেচ ব্যবস্থার পুনর্নির্মাণ, জীবিকা ও কৃষি সহায়তাসহ প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হবে। এতে পাঞ্জাব, গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সাতটি বন্যাদুর্গত জেলায় দুই লাখ ২৩ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ২ হাজার ৪০০ স্বেচ্ছাসেবককে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চারসাদ্দা জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক বুনের জেলার রেসকিউ ১১২২ টিমে যোগ দিয়ে নিখোঁজ ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। এছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোকে খাদ্যসামগ্রী, আশ্রয় উপকরণ, গৃহস্থালি জিনিসপত্র ও নারীদের জন্য মর্যাদাসূচক কিটস সরবরাহ করা হচ্ছে।
ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট বলেন, “যুক্তরাজ্যের অর্থায়নে চলমান কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা ও স্থিতিস্থাপকতা বাড়াতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে আরও জানায়, এসব পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে এবং জলবায়ুজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির প্রমাণ বহন করছে।