
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফ কবাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাচিনসনপুর গ্রামের মো. নজরুল আনসারের ছেলে।
স্থানীয়রা জানায়, গরুকে ঘাস খেতে দিতে ঘরের বাইরে গেলে শরীফের ওপর বজ্রপাত পড়ে। ঘটনা স্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।