
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১৭ আগস্ট) থেকে শুরু করে পরবর্তী চার দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এর আগে গত ১৩ আগস্ট সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার প্রভাব দেশের আবহাওয়াতেও পড়েছিল।