
আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, মাঝে মাঝে সামান্য ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
আজকের (শনিবার, ১৬ আগস্ট) আবহাওয়া
ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল রবিবার (১৭ আগস্ট)
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (১৮ আগস্ট)
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১৯ আগস্ট)
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২০ আগস্ট)
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ভ্যাপসা গরমের কারণ
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ফলে বৃষ্টির পর রোদ উঠলে শরীর থেকে বের হওয়া ঘাম বাতাস শোষণ করতে পারে না, কারণ বাতাস আগে থেকেই আর্দ্র থাকে। এ কারণে ত্বকে ঘাম জমে থেকে যায় এবং শরীরের তাপ বের হতে না পারায় ভ্যাপসা গরম অনুভূত হয়।
বর্ধিত পূর্বাভাস
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।