
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে আত্রাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুই তীরের অন্তত ৩০টি বেঁড়িবাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর পানি নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচে এবং আত্রাই নদীর শিমুলতলী, মহাদেবপুর ও রেলওয়ে ব্রিজ পয়েন্টসহ কয়েকটি স্থানে সামান্য নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্ণভবা নদীর নীতপুর পোরশা পয়েন্টেও বিপদসীমার সামান্য নিচে পানি প্রবাহ রয়েছে।
জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধির কারণে চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া লক্ষ্মীরামপুর, আয়াপুর, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ ২০টি পয়েন্ট উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী জানান, আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে জরুরি সভা করে ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে বালুর বস্তা, বাঁশসহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা এবং শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সম্ভাব্য বন্যা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।