
রাজধানী ঢাকায় বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, যা এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বৃষ্টি আরও ২ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, আজ সকাল থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজধানীর ওপর টানা ২ থেকে ৫ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলে সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ১০টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে একই ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঢাকার দক্ষিণ ও পূর্বঘেঁষা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলাতেও আজ সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
সকাল থেকে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বৃষ্টির কারণে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে এবং যান চলাচলেও ধীরগতি দেখা দিয়েছে। কোথাও কোথাও জলাবদ্ধতার শঙ্কাও করা হচ্ছে।