
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে আজ মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত এ অভিযানে ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দেশের চার জেলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায়।
চাঁদপুরে সার্কিট হাউসের সামনে শব্দদূষণবিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা।
কুমিল্লার টমছমব্রীজ এলাকায় দুই দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা।
নারায়ণগঞ্জের ওয়াপদারপুল, ফতুল্লায় তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা।
বনভূমি পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।