
পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৩০ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত এক অভিযানে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মিজানুর রহমান, রিসার্চ অফিসার মকবুল হোসেন এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। অভিযানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সহযোগিতা করে ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ এবং তিতাস গ্যাস কোম্পানি।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে যেসব কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই পরিচালিত হচ্ছিল। কিছু কারখানায় ইটিপি থাকলেও তা চালু রাখা হচ্ছিল না। ফলে এসব প্রতিষ্ঠান আশপাশের নদী ও খাল দূষণ করছিল।
বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যে কারখানাগুলোতে: লী নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন): বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর (বিদ্যুৎ বিচ্ছিন্ন); পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); গাজী থ্রেড এন্ড এক্সেসরিজ, বিসিক, টঙ্গী (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী (বিদ্যুৎ বিচ্ছিন্ন); মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী; সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী; ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী; লাম মিম ফ্যাশন, শিলমুন, টঙ্গী।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ও পরিবেশবিধি লঙ্ঘনকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।