
বঙ্গোপসাগরে মঙ্গলবার (২৯ জুলাই) রাতের দিকে দেড় ঘণ্টার ব্যবধানে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয় রাত পৌনে ১০টার দিকে। এটি আঘাত হানে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরের সমুদ্র অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল ৫.০।
এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.০, ৪.৯ ও ৪.৬। সব মিলিয়ে রাত সোয়া ১১টার মধ্যে চারটি ভূমিকম্প ঘটে।
তবে এসব ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। একইসঙ্গে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল গভীর সমুদ্র এলাকায় হওয়ায় উপকূলীয় অঞ্চলে প্রভাব পড়েনি বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবু পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলো।