
নেত্রকোনার বারহাট্টায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকা থেকে ওই ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় খবর পেয়ে ড্রেজার মালিক পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ এ অভিযান পরিচালনা করে ড্রেজারটি জব্দ করেন।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আগেও একবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছিল। তবে দেলোয়ার নামে এক ব্যক্তি পুনরায় একই স্থানে ৩০ ফুটের বেশি গর্ত করে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। তখন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
তবে বালু উত্তোলনকারীরা উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় দেড় লাখ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বলেন, “কৃষিজমি ধ্বংস করে এভাবে বালু উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষির জন্য হুমকি। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”