
পরিবেশ সংরক্ষণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল, যশোর ও চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ (২২ জুলাই) তিন জেলায় পরিচালিত পৃথক অভিযানে ৭টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকান ও সুপারশপে নিষিদ্ধ পলিথিন পাওয়ায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে পলিথিন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারা দেশে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪৯২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে ৯২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ লাখ ৫৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২ লাখ ৫১ হাজার ৩৭২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সময়ে ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা সিলগালা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।