
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা রাজ্যে চারদিনে ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত বিশেষ বার্তায় জানানো হয়, উজান ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আসন্ন লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, বাসিন্দা ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।